স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে মধুর ব্যবহার
সুন্দর স্বাস্থ্য বা সুন্দর ত্বক উভয়ই নিয়ন্ত্রণ করতে মধুর কোন বিকল্প নেই। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ছাড়াও ময়শ্চারাইজার, ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৬ সহ দারুণ সব কার্যকরী উপাদান। আর এই সকল উপাদান ত্বকের লোমকূপে জমে থাকা ময়লা পরিষ্কার করে, ত্বকের কালো দাগ কমায়, ব্রণ দূর করে, রোদে পোড়াভাব কমিয়ে ত্বককে করে তুলে দ্বিগুণ উজ্জ্বল। আসুন তবে জেনে নেই কার্যকরী এই উপাদানটির ব্যবহার সম্পর্কে-
কোমল ও মসৃণ ত্বক পেতেঃ
এক চামচ টকদই ও এক চামচ মধু একসঙ্গে মিশিয়ে তৈরি করে নিন ফেসপ্যাক। তারপর কিছুক্ষণ ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে কোমল ও মসৃণ।
ত্বকের কালচে ভাব দূর করতেঃ
ত্বকের কালচে ভাব দূর করতে ব্যবহার করুন মধু ও কলার প্যাক। কলা চটকে ভালোকরে পেস্ট করে নিন। এরপর এতে সমপরিমাণ মধু মেশান। এই মিশ্রণটি লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
রোদে পোড়া দাগ দূর করতেঃ
এক চামচ মধুর সঙ্গে সমপরিমাণ চন্দনের গুঁড়া ও পাকা পেঁপে মেশান। মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন পরে ধুয়ে নিন। এই ফেসপ্যাকটি নিয়মিত ত্বকে ব্যবহার করলে রোদে পোড়া দাগ দূর হবে।






